ফেনীতে ছোট একটি ভুলে পিতার সামনেই শাহেদ (৯) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকির হাটে সবার সামনেই ওই শিশুর মৃত্যু হয়। নিহত শাহেদ ওই এলাকার নুর করিম হাফেজ বাড়ির ইসমাইল মিকারের ছেলে। সে স্থানীয় ফকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ইসমাইল ফকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসে। পৌনে ১০টার দিকে সে বাজারে দাঁড়িয়ে থাকা একটি সবজি বহনকারী ব্যাটারিচালিত রিক্সার পাশে দাঁড়িয়ে অসতর্কতাবশত স্ক্যালেটরের ওপর চাপ দেয়।
এতে শাহেদকে নিয়ে রিক্সাটি একটি দেকানের সঙ্গে থাক্কা খায়। এ সময় গুরুতর জখম পাওয়া শাহেদকে তাৎক্ষণিক স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলেও বাঁচানো যায়নি।
নিহত শাহেদের পিতা ইসমাইল হোসেন জানান, আমার চোখের সামনেই ছেলেটি মারা গেছে। আমি অভাগা কিছুই করতে পারিনি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ফকিরহাটে দুর্ঘটনায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিনিধি/এআরএম




