পাবনার আটঘরিয়া উপজেলায় আদম আলী মোল্লা (৬০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্তে ইউনিয়নের চন্দিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদম আলী মোল্লা (৬০) একদন্তে ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়ার বাসিন্দা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরণসহ অন্তত তিনটি মামলা রয়েছে। তিনি একদন্ত ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একদন্ত বাজারে থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কদম আলী। এসময় পথে চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ সময় আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, নিহতের নামে ধর্ষণ ও হত্যার দুটি মামলা রয়েছে। এছাড়াও একটি বিস্ফোরক মামলা রয়েছে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। শিগগির দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে পারব।
প্রতিনিধি/এলএ




