পটুয়াখালীর কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি ও ১৬ মামলার আসামি মো. মাসুদ রানাকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটায় পৌরসভার রাখাইন মার্কেট রোডের হোটেল সাউথ স্টারের সামনে পাকা সড়ক থেকে তাঁকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ।
পটুয়াখালীতে 'ডাবল ডেকার স্লিপার' বাস খাদে, আহত ১৫
সারাদেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় মহিপুর থানার এসআই মো. সামছুল আলম, এসআই মাহমুদুল হাসান, এএসআই মো. আবুল বাশার ও এএসআই মো. হাসান মাসুদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করে। পরে তাঁর কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা কলাপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত আবদুল কাদের ফকিরের ছেলে। বর্তমানে তিনি নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নীলগঞ্জ আবাসনের ৯ নম্বর ঘরে বসবাস করেন।
পটুয়াখালীতে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু
পুলিশের পিসিপিআর যাচাই করে জানা যায়, মাসুদ রানার বিরুদ্ধে ইতিপূর্বে ১০টি মাদক মামলা ও ৬টি অন্যান্য মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি কলাপাড়া উপজেলার একজন চিহ্নিত মাদক কারবারি।
এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন মহিপুর থানার এসআই মো. জহিরুল ইসলাম।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘মাদক নির্মূলে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।’
প্রতিনিধি/ইএইচ




