শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পটুয়াখালীতে ‘ডাবল ডেকার স্লিপার’ বাস খাদে, আহত ১৫

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

শেয়ার করুন:

পটুয়াখালীতে ‘ডাবল ডেকার স্লিপার’ বাস খাদে, আহত ১৫
দুর্ঘটনার শিকার স্লিপার বাস। ছবি: ঢাকা মেইল

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ‘আইকনিক পরিবহন’ নামে একটি ডাবল ডেকার স্লিপার বাস খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) খলীলপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। 

স্থানীয়দের ধারণা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দ্রুতগতি এবং চালকের অসাবধানতা বা ঘুমের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে আসে। তারা বাসের ভেতর আটকেপড়া আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জানান, বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অলৌকিকভাবে এ দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ঘটনার পরপর বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করতে কলাপাড়া থানা পুলিশ কাজ শুরু করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, হেলপার ও চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর