যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ২০ পরিবারের ৫০ জন সদস্য। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগআঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে নতুন সদস্যরা বিএনপিতে যোগ দেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁদের স্বাগত জানান।
শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
যোগদানকারীরা জানান, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড ও কার্যক্রম নিয়ে তাঁদের মধ্যে অসন্তোষ ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিজেদের রাজনৈতিক অবস্থান বিবেচনা করে তারা বিএনপির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
নতুন সদস্য মনিরুল হক বলেন, জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যক্রম ও রাজনৈতিক কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং নিজেদের রাজনৈতিক চিন্তাভাবনা বিবেচনা করেই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
তিনি আরও বলেন, বিএনপির সঙ্গে থেকে ভবিষ্যতে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়াই তাঁদের লক্ষ্য। একই সঙ্গে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শার্শায় ২৫ হাজার ভোটের ব্যবধান জামায়াত প্রার্থীর জয়
বিএনপিতে যোগ দেওয়া ২০ পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রূপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ অন্যরা।
যোগদান অনুষ্ঠানে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, সহসভাপতি মোনায়েম হোসেন, সিনিয়র সহসভাপতি শাহজাহান কবির, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু, বিএনপি নেতা ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিএনপিতে যোগ দেওয়া ব্যক্তিদের জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার দাবি অস্বীকার করেছেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির হাবিবুল্লাহ্ বিলালী। তিনি বলেন, ‘তারা জামায়াতে ইসলামীর কেউ নন। আগে তাদের কোনো দলীয় কর্মসূচিতে দেখিনি। তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’
প্রতিনিধি/ইএইচ




