চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম (৩৫) আহত হন।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন (৩৪) ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসেন (৩৪) সিএনজি অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করার সময় পেছন থেকে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান (চট্ট মেট্টো-ট-১১-২২৩৬) সিএনজিটিকে চাপা দিলে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। এসময় সিএনজিচালক সাইফুল ইসলামও আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা সদরে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। মোহাম্মদ হোসেনের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
আহত সিএনজিচালক সাইফুল ইসলাম বলেন, অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ সিপি মোড়ে যাত্রী নামানোর পর ভাড়া নিয়ে গাড়ি স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান আমার গাড়িকে চাপা দেয়। এতে যাত্রী মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন এবং আমিও আহত হই। আমি চিকিৎসা নিয়ে বাড়িতে আছি। এ ঘটনায় আমার সিএনজিরও ক্ষতি হয়েছে।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক নুর নবী রাহাত বলেন, আহত মোহাম্মদ হোসেনের অবস্থা ক্রিটিক্যাল ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে স্থানান্তর করে দিয়েছি।
জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, মোহাম্মদ হোসেন গুরুতর আহত হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিএনজিচালক সাইফুল ইসলাম সামান্য আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাটি জোরারগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও চালক শাহীন আলমকে আটক করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




