রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে সহযোগিতার আশ্বাস বরিশাল ক্রীড়া সংস্থার

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

শেয়ার করুন:

প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে সহযোগিতার আশ্বাস বরিশাল ক্রীড়া সংস্থার
কাউনিয়া বিসিক বালুর মাঠে প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন। ছবি- ঢাকা মেইল

প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে কাউনিয়া বিসিক বালুর মাঠে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও মাইনর ক্রিকেট লিগের অনুশীলন ও প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম দেখেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। সেই সঙ্গে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনাও দেন।

ক্রীড়া সংস্থার সদস্য সচিব তারিন বলেন, ‘বরিশালে ক্রিকেটের প্রতিভার অভাব নেই। নিয়মিত অনুশীলন ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এসব প্রতিভাকে বিকশিত করতে হবে। প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পর্যায়ে খেলার জন্য একজন ক্রিকেটারকে দীর্ঘমেয়াদি অনুশীলন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়। প্রতিভার পাশাপাশি শৃঙ্খলা, ফিটনেস ও নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। বরিশাল থেকে জাতীয় পর্যায়ে আরও ভালো ক্রিকেটার তুলে আনাই আমাদের লক্ষ্য।’

তারিন বলেন, ‘খেলোয়াড়দের অনুশীলনের পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। যারা ভালো করার সম্ভাবনা দেখাবে, তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেওয়া হবে।’

ক্যাম্প পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বরিশাল ফরমার ক্রিকেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মীর হাসান মোরশেদ সুমন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর