রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালে বিএনপির দুই নেতার পদ স্থগিত

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

বরিশালে বিএনপির দুই নেতার পদ স্থগিত
ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ বিভিন্ন অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তাদের বিরুদ্ধে সাংগঠনিক শিষ্টাচার পরিপন্থী আচরণ, সিনিয়র নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করারও অভিযোগ রয়েছে।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন—গুঠিয়া ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মো. কামাল মুন্সি এবং ইউনিয়ন বিএনপির সদস্য ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক।

শনিবার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত দুই নেতা দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক বিধিবিধান উপেক্ষা করে দলীয় কার্যালয়ে বসে সভাপতি ও সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে বসেন। এছাড়া সিনিয়র নেতাদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য, নেতাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর আচরণ এবং বিভিন্ন দলবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এতে আরও বলা হয়, তাদের কর্মকাণ্ডে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব কর্মকাণ্ডকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাদের সাংগঠনিক পদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা বিএনপি জানিয়েছে, দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক ঐক্য ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলের সিদ্ধান্ত ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে পদ স্থগিতের বিষয়ে অভিযুক্ত দুই নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর