রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলেন যারা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলেন যারা

দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬–২০২৮) নির্বাচনে পাঁচটি সদস্য পদে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. সাঈদ হাসান সানি। একই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহীন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ভোটার উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে রাত থেকে ভোর পর্যন্ত পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফল অনুযায়ী, ১ হাজার ৫৭৬ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে প্রথম হয়েছেন মো. সাঈদ হাসান সানি (ব্যালট নম্বর-৩৫)। ১ হাজার ৪০৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন রুমেল উদ্দিন আহম্মেদ (ব্যালট নম্বর-২৯), ১ হাজার ২৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. আশিকুল ইসলাম সুমন (ব্যালট নম্বর-০৯), ১ হাজার ৭৭ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন মো. তানভীর রুবেল (ব্যালট নম্বর-১৫) এবং ১ হাজার ২৭ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন কাজী মহিবুল ইসলাম ডিকন (ব্যালট নম্বর-২৬)।

নবনির্বাচিত পাঁচ সদস্য ২০২৬–২০২৮ মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী পরিষদে দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান শাহীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম মোমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. মো. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট। এ পদে ৬০টি ভোট বাতিল হয়। ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩১৪ ভোট বেশি পেয়ে জয়ী হন শাহীন।

আরও পড়ুন

রেড ক্রিসেন্টের নির্বাচনে ভাইস চেয়ারম্যান শাহীন, মিজানুর সেক্রেটারি

সেক্রেটারি পদে ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মাহবুবুর রহমান পেয়েছেন ৭৭৩ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে মো. লুৎফুল হাই ভূঞা ৪২৮, কামরুল ইসলাম ৩৪৯ এবং অ্যাডভোকেট মো. শাহ ওয়াসিম পারভেজ ২৭৮ ভোট পেয়েছেন।

রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাতটি পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এবিএম মোমিনুল হক এবং জেলা জামায়াতে ইসলামীর ডা. মো. ফরিদ উদ্দিন আহমেদ।

সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সেক্রেটারি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা এবং অ্যাডভোকেট মো. শাহ ওয়াসিম পারভেজ।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। তাদের মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। ভোট দিয়েছেন মোট ৪ হাজার ১৬২ জন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরীসহ অন্যরা।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোশররফ হোসেন বলেন, দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট দেওয়ার বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান এবং পাঁচ কার্যনির্বাহী সদস্যকে তাদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর