রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রেড ক্রিসেন্টের নির্বাচনে ভাইস চেয়ারম্যান শাহীন, মিজানুর সেক্রেটারি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের চেয়ারম্যান শাহীন, সেক্রেটারি মিজানুর

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহীন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। এ সময় তিনি জানান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে ফলাফল ঘোষণা করা হলেও কার্যকরী কমিটির পাঁচটি সদস্য পদের ভোট গণনা তখনও চলছিল।

ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহীন ১ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম মোমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. মো. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট। এ পদে শাহীন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৩১৪ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ভাইস চেয়ারম্যান পদে ৬০টি ভোট বাতিল হয়েছে।

অন্যদিকে, সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতিম প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রহমান পেয়েছেন ৭৭৩ ভোট, লুৎফুল হাই ভূইয়া ৪২৮, কামরুল ইসলাম ৩৪৯ এবং অ্যাডভোকেট শাহ ওয়াসিম পারভেজ ২৭৮ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন ও সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমানকে তাঁদের সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানান।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটার উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের পরও ভোটগ্রহণ চলে। দীর্ঘ প্রায় ১৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দিনভর ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ছিল।

রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সাতটি পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে তিনজন, সেক্রেটারি পদে পাঁচজন এবং পাঁচটি সদস্য পদে ৩৭ জন প্রার্থী ছিলেন।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এবিএম মোমিনুল হক এবং জেলা জামায়াতে ইসলামীর চিকিৎসক ডা. মো. ফরিদ উদ্দিন আহমেদ।

সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সেক্রেটারি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা এবং অ্যাডভোকেট মো. শাহ ওয়াসিম পারভেজ।

এছাড়া কার্যকরী কমিটির পাঁচটি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৭ জন।

 

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১০ হাজার ৬৪৫ জন। তাঁদের মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন। মোট ৪ হাজার ১৬২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরীসহ অন্যরা।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোশররফ হোসেন বলেন, দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট দেওয়ার বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রাত ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কার্যকরী কমিটির পাঁচটি সদস্য পদের ভোট গণনা তখনও চলছিল।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর