নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের শিয়ালজানি খালের পানিতে ডুবে পাথর দে (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরশহরের মাইলোড়া এলাকায় শিয়ালজানি খাল থেকে পাথর দে'র ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
এরআগে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় পাথর। নিহত পাথর দে মাইলোড়া এলাকার প্রদীপ দে'র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে বাসার সামনে শিয়ালজানি খালের পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করছিল পাথর।
সন্ধ্যায় বাসায় না ফেরায় পরিবারের লোকজন খুঁজাখুঁজি শুরু করে। পরে রাতে থানায় গিয়ে বিষয়টি জানায়। তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। পরে আজ শুক্রবার সকালে বাসা থেকে কিছুটা দূরে শিয়ালজানি খালে পাথরের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিহত পাথরের বাবা প্রদীপ দে বলেন, প্রতিদিনই বাসার পাশে খালের পাড়ে অন্য শিশুদের সাথে খেলা করত পাথর। বৃহস্পতিবার বিকালেও অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। হয়তো কোনও এক সময় খালে পড়ে গিয়েছে। আমি ব্যবসার কাজে বাজারে ছিলাম। তার মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। পরে সকালে বাসা থেকে একটু দূরে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সুরতহাল প্রতিবেদন শেষে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এআরএম




