নারায়ণগঞ্জ ফতুল্লায় চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে জহিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার ৩ (সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে ফতুল্লা পাগলা দেল পাড়া পেয়ারা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলায় এজাহার সূত্রে জানা যায়, শিশুটির পরিবার ময়মনসিংহের তারাকান্দা এলাকার বাসিন্দা। বর্তমানে তারা দেলপাড়া পেয়ারা বাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন। জহিরুল ইসলাম,ভুক্তভোগী শিশুটির পাশের অন্য আরেকটি বাসায় ভাড়া থাকেন। সে সুবাদে তাদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল। শিশুটি জহিরুলকে ‘আংকেল’ বলে ডাকত।
এ সময় সাত বছরের শিশুসহ পরিবারের অন্য চার সন্তান বাসায় ছিলেন। এজাহারে বলা হয়, বিকেল ৪টার দিকে শিশুটি বাসার গেটে দাঁড়িয়ে থাকলে জহিরুল তাকে চিপস দেওয়ার কথা বলে নিজের দোকানের দিকে ডেকে নেন। পরে দেলপাড়া পেয়ারা বাগান এলাকার একটি মিলের পাশে ওমর আলী মসজিদের পেছনে কলাগাছের ঝোপে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি চিৎকার করলে জহিরুল তার মুখ চেপে ধরেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জহিরুল পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন।
খবর পেয়ে শিশুটির মা কর্মস্থল থেকে বাসায় ফিরে মেয়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, শিশুটির মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন এবং অভিযোক্ত আসামি জহিরুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এআরএম




