ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে করা মামলায় সায়েম নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্ব) বরগুনার বেতাগী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সায়েম মামলার দুই নম্বর আসামি। এ মামলায় মাদরাসার চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগের ‘মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদরাসা’র আবাসিক শিক্ষার্থী ছিল শিশুটি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদরাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী ভয় দেখিয়ে শিশুটিকে বলাৎকার করে আসছিলেন।
একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। গত ১৮ আগস্ট তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান। সেখানে কয়েক দিন চিকিৎসা শেষে শিশুটিকে বাড়িতে নেওয়া হয়।
এ ঘটনায় শিশুটির বাবা ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি সাভার মডেল থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়।
মামলা হওয়ার পর আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পূর্ব শাহীবাগের ওই মাদরাসায় অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে সাভারসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায় পুলিশ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বরগুনার বেতাগী থানা এলাকায় অভিযান চালিয়ে সায়েমকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল হাসান বলেন, মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি সায়েমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এলএ




