রাজশাহীতে পুলিশ ও সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও অর্থ দাবির অভিযোগে শরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন রানীনগর পানির ট্যাংকির একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শরিফুল ইসলাম বরিশালের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম এন্ড অপস) মো. হুমায়ুন কবীরের নাম, পদবি ও ছবি ব্যবহার করে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড দিয়ে ‘Additional DIG Humayun’ নামের একটি ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খোলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, এই আইডি ব্যবহার করে সে প্রশাসন ক্যাডার, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও দায়রা জজ এবং আইনজীবীদের ফোন ও মেসেজ দিয়ে বিভিন্ন মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করত।
শরিফুল রাজশাহী ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দীর্ঘদিন ধরে এ অনলাইন প্রতারণা চালিয়ে আসছে।
ইতিপূর্বে পুলিশ অফিসারের পরিচয়ে অনুরূপ প্রতারণার অভিযোগে বিভিন্ন থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এসব মামলায় গ্রেফতার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।
র্যাবের অভিযানে তার ভাড়া বাসা থেকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এআরএম




