বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্যমন্ত্রী পার্থ

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

সেতু নিয়ে ভোলার মানুষকে বিভক্ত করবেন না: তথ্যমন্ত্রী পার্থ
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি- ঢাকা মেইল

ভোলা-বরিশাল সেতু নিয়ে ভোলার মানুষকে বিভ্রান্ত বা বিভক্ত না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেছেন, ‘ভোলা-বরিশাল সেতু ভোলার প্রতিটি মানুষই চায়। সেতুর জন্য ভোলার প্রতিটি মানুষই আন্দোলন করেছে। তাই সেতু নিয়ে ভোলার মানুষকে বিভ্রান্ত বা বিভক্ত করবেন না।’

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তিন দিনের সরকারি সফরে ভোলায় পৌঁছে শহরের নতুন বাজার এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Minister_of_Information_and_Broadcasting_Barrister_Andalib_Rahman_Partha_1
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি- ঢাকা মেইল

ভোলা-বরিশাল সেতু নির্মাণের বিষয়ে তথ্যমন্ত্রী পার্থ বলেন, ‘ভোলা-বরিশাল সেতু নিয়ে আমরা কাজ করেছি, করে যাচ্ছি। এটি অনুমোদনের অপেক্ষায় ছিল। ভোলার চারজন সংসদ সদস্য সেতুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু বর্তমান সরকার কিছুটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ কারণে সরকার বিকল্প কিছু ভাবছে।’

তিনি বলেন, ‘এটি নিয়ে ভোলার কিছু মানুষ বলছেন, আমরা সেতু চাই না। এসব বলে ভোলার মানুষকে বিভ্রান্ত করবেন না, বিভক্ত করবেন না। ভোলার মানুষ সেতু চায়- এটি নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।’

ভোলার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘ভোলার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা, নদীভাঙন রোধে প্রায় ৭০০ কোটি টাকা এবং ভোলার সড়ক মেরামতে ৫০০ কোটি টাকা বরাদ্দের জন্য কাজ চলছে।’

তিনি বলেন, ‘ভোলার উন্নয়নে আমরা সবাই মিলে কাজ করছি। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ভোলার উন্নয়ন করা হবে।’

দুর্নীতি ও সরকারি বরাদ্দের অর্থ লুটপাটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পার্থ বলেন, ‘যারা সন্ত্রাস করবে, দুর্নীতি করবে, টিআর-কাবিখা ও কাবিটার টাকা লুটপাট করবে, তারা আমার দলের কেউ নয়। জনগণের জন্য বরাদ্দ করা টাকা কোনোভাবেই লুটপাট করতে দেওয়া হবে না। উন্নয়নের প্রতিটি টাকা সঠিকভাবে মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।’

তিনি সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পর্কে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণকেও তাদের কাজ সঠিকভাবে বুঝে নিতে হবে।’

বিগত সরকারের সমালোচনা করে পার্থ বলেন, ‘বিগত সরকার ১৭ বছরে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

ভোলার দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘ভোলায় কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। আর কোনো হানাহানি নেই, আর কোনো খুনাখুনি নেই। আমরা সবাই ভোলার মানুষ। ভোলার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে তিন দিনের সরকারি সফরে বুধবার দুপুরে ভোলার খেয়াঘাটে পৌঁছান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এ সময় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর