মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মেহেন্দিগঞ্জ হয়ে সড়ক নয়, সরাসরি সেতু চায় ভোলাবাসী

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

মেহেন্দিগঞ্জ হয়ে সড়ক নয়, সরাসরি সেতু চায় ভোলাবাসী

ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ হয়ে প্রস্তাবিত সড়ক যোগাযোগ পরিকল্পনা পুনর্বিবেচনা করে ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণের দাবি জানিয়েছে ‘আমরা ভোলাবাসী’ নামের সামাজিক সংগঠন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে সড়ক যোগাযোগ গড়ে তুলতে নতুন সড়ক নির্মাণ, বিদ্যমান সড়ক প্রশস্তকরণ এবং মেঘনার মোহনায় একাধিক বড় সেতু নির্মাণের প্রয়োজন হতে পারে। এতে প্রকল্পের ব্যয় ও বাস্তবায়নের সময় বাড়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ব্যয়ও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। 

এ কারণে ভোলা-বরিশাল সরাসরি সেতু, লাহারহাট-ভেদুরিয়া এবং রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের দূরত্ব, যাতায়াতের সময়, নির্মাণ ব্যয় ও অর্থনৈতিক সুফল তুলনা করে একটি পূর্ণাঙ্গ কারিগরি ও অর্থনৈতিক সমীক্ষার দাবি জানিয়েছে সংগঠনটি। 

একইসঙ্গে সমীক্ষার ফলাফল জনগণের সামনে প্রকাশ করারও আহ্বান জানান বক্তারা। 

তাদের দাবি, ভোলা-বরিশাল সরাসরি সেতু নির্মাণ হলে বিভাগীয় শহর বরিশালসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে ভোলার যোগাযোগ আরও সহজ হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্য ও শিল্প খাতের বিকাশেও নতুন সম্ভাবনা তৈরি হবে। 

সংবাদ সম্মেলন থেকে ভোলার জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধিদের দল-মতের ঊর্ধ্বে উঠে বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, ভোলাকে শুধু সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করাই নয়, বরং ভোলা-বরিশাল সরাসরি সেতুর মাধ্যমে একটি কার্যকর ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা ভোলাবাসী’র সদস্ সচিব মীর মোশারেফ অমি, সদস্য মেহেদী হাসান, শরীফ হাওলাদার, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত শাকিল, ভোলা শহর ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক আরিফ আহমেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ভোলা পৌর ছাত্রসমাজের সদস্য মাহাদী হাসান এবং সদর উপজেলা এনসিপির আহ্বায়ক নাসরিন জাহানসহ ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের বিভিন্ন প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর