বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূতিতে একথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার যতবারই গঠন হয়েছে, কখনোই ব্যর্থ হয় নাই। জিয়াউর রহমানের সময়ে সফল হয়েছে, খালেদা জিয়ার সময়ে সফল হয়েছে। তারেক রহমান যেভাবে নতুন উদ্যমে ও ডাইনামিক লিডারশিপ দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।’
তিনি বলেন, ‘গুপ্ত বাহিনী, যারা আমাদেরকে মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা হাদিসের কথা বলে, জান্নাতের কথা বলেছেন- তারা আজকে ফ্যাসিবাদের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, আমাদের তারেক রহমান সরকারকে আজকে অস্থিতিশীলতায় ফেলতে চান। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এইগুলো প্রচার করে বাংলাদেশের মানুষকে অন্তত একটি মেসেজ দিতে চাই যে, বিএনপি সরকার যতবারই সরকার গঠন হয়েছে, কখনোই বিএনপি ব্যর্থ সরকার হয় নাই।’
তিনি দলের প্রত্যেক নেতাকর্মীকে দলের মিডিয়া সেল হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ৬ মাসের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানান। একই সাথে পাড়া মহল্লা থেকে শুরু করে ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কার্যকাণ্ড তুলে ধরার নির্দেশ দেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করে দলটি। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শের–ই–বাংলা পার্কে গিয়ে শেষ হয়।
প্রতিনিধি/এএম




