সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

মা-শিশুর স্বাস্থ্যসেবায় ২৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৩:০৫ পিএম

শেয়ার করুন:

মা-শিশুর স্বাস্থ্যসেবায় ২৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

রাষ্ট্রদূত বলেন, “আমরা যে সরঞ্জাম হস্তান্তর করেছি, তা পুরো বাংলাদেশজুড়ে পরিচালিত ২৪ লাখ ডলারের একটি প্রকল্পের অংশ। এই প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্র কারিগরি সরঞ্জাম ও অন্যান্য সহায়তা দিচ্ছে। এর মূল লক্ষ্য মা ও শিশুর স্বাস্থ্যসেবা, বিশেষ করে সন্তান প্রসব ও নবজাতকের যত্নে আরও ভালো ফল নিশ্চিত করা।”

আরও পড়ুন

বাংলাবান্ধা জিরোপয়েন্ট পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ এটি। স্বাস্থ্য খাত আমাদের দুই দেশের সহযোগিতার প্রাচীনতম ক্ষেত্রগুলোর একটি। যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য স্বাস্থ্যসহায়তা দিয়ে আসছে, যার মূল লক্ষ্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ। এর পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্যসেবায়ও সহায়তা অব্যাহত রয়েছে।”

মার্কিন রাষ্ট্রদূত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন, অতিরিক্ত রোগীর চাপের মধ্যেও হাসপাতালের কর্মীরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন, যা তিনি নিজ চোখে দেখেছেন।

787450950_938231505352992_2916032984442582569_n

এদিন পঞ্চগড় জেলা হাসপাতালে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের বৃহত্তর এই সহায়তার মধ্যে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার প্রয়োজনীয় উপকরণ রয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনের সময় রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ান ডাও, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

789423677_1445879494026771_6526148653449709437_n

পরে রাষ্ট্রদূত পঞ্চগড় সার্কিট হাউসে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সকালে তিনি তেঁতুলিয়ার মহানন্দা নদী ও বাংলাবান্ধা স্থলবন্দরসংলগ্ন জিরো পয়েন্ট পরিদর্শন করেন। সেখানে তিনি সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ছবি তোলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর