বরগুনা পুলিশ লাইন্সে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. বেলাল হোসেন (৪০) নামে এক এএসআই (সশস্ত্র) মারা গেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
মো. বেলাল হোসেন বাংলাদেশ পুলিশের এএসআই (সশস্ত্র) হিসেবে বরগুনা জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা। তার পিতা মো. রুস্তম হাওলাদার এবং মাতা মোসাম্মাৎ জয়নব বেগম।
বরগুনা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবারের (৩১ আগস্ট) দায়িত্ব বণ্টন অনুযায়ী বেলাল হোসেনকে বরগুনা পুলিশ লাইন্স কম্পাউন্ডের ১ ও ২ নম্বর গেটে পাহারার দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা ৫ মিনিটে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে সহকর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তাঁকে প্রথমে পুলিশ হাসপাতালের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৭টা ৩২ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে বেলাল হোসেন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সুত্রে আরও জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর ৫ মাস ২৬ দিন। তিনি ২০০৬ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তাঁর চাকরিকাল ছিল প্রায় ২০ বছর ৪ মাস।
তাঁর মৃত্যুতে বরগুনা জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বরগুনা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা স্বাক্ষরিত শোকবার্তায় বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, শোকাহত পরিবারের পাশে থাকার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
প্রতিনিধি/এএম




