মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

কুমিল্লায় ৭ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম

শেয়ার করুন:

কুমিল্লায় ৭ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে মা গ্রেফতার

কুমিল্লার নাঙ্গলকোটে সাত মাস বয়সী শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও শিশুটির স্বজনেরা জানান, সোমবার সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহত শিশুটির নাম ফারাবি। ফাতেমা বেগম জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের প্রয়াত আবুল কালামের মেয়ে। তার স্বামী পাশের ভবানীপুর গ্রামের নাছির উদ্দিন।

আরও পড়ুন

নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

শিশুটির খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন বলেন, শনিবার সকালে ফাতেমা তার সাত মাস বয়সী ছেলে ফারাবিকে নিয়ে নিচন্তপুরে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার ভোরে শিশুটি কান্নাকাটি শুরু করলে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশ চাপা দিয়েছেন। পরে ইয়াছমিন ঘরে গিয়ে শিশুটির শরীরের ওপর বালিশ দেখতে পান। দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারের এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে প্রায় তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন।

নাঙ্গলকোট থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর