নড়াইলের লোহাগড়া উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ মোছা. সীমা বেগম (৩৮) ও মো.রাসেল শেখ (২১) নামে দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
সোমবার (৩১ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত মোছা. সীমা বেগম উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী এবং মো. রাসেল শেখ একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তারা সম্পর্কে মেয়ের জামাই-শাশুড়ি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) নড়াইল কার্যালয়ের একটি আভিযানিক দল লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালায়। পরে বেলা ৩টার দিকে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা ও ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মোছা. সীমা বেগম ও তার মেয়ে জামাই মো. রাসেল শেখকে আটক করেন ডিএনসি সদস্যরা। ইউসুফ শেখ কারাগারে থাকায় শাশুড়ি ও জামাই মিলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে জানায় ডিএনসি।
নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার ঢাকা মেইলকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
প্রতিনিধি/এফএ





