সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম নামে এক শিশুকে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন ও পৃথক দুটি মাদক মামলায় দুজনসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে একই আদালত। 

একই সঙ্গে হত্যা মামলায় দুজনের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

একটি মাদক মামলায় ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

সোমবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-তৃতীয় আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় দেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর গোলাম সরোয়ার শফিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভায়ড়া গ্রামের আল-আমিন ও সলঙ্গা থানার আংগারু গ্রামের নাসির উদ্দীন। 

মাদক মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর পুঠিয়াবাড়ি মহল্লার সোহেল রানা ও দিনাজপুর জেলার হাকিমপুর থানার বাসুদেবপুর মাস্টারপাড়া গ্রামের হবিবুর রহমানের স্ত্রী মালা খাতুন।

হত্যা মামলা সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৫ নভেম্বর দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সাথে খেলা করছিল শিশু ছাইম। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তার সন্ধানে এলাকায় মাইকিং করা হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ২৭ নভেম্বর সকালে স্থানীয় একটি পুকুরে শিশু ছাইমের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এ ঘটনায় নিহত শিশুর নানা আলীম উদ্দিন ৬ জনের নাম উল্লেখ করা মামলা করেন। এ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। 

অপরদিকে, মাদক মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ শহরে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে গোয়েন্দা পুলিশের কাছে সংবাদ আসে হোসেনপুর তারকাটা মিল এলাকায় কয়েকজন মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করছে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্দেহভাজন এক যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। তার শরীর তল্লাশি চালিয়ে ২০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইশানুর রহমান মামলা করেন।

অপরদিকে, ২০২২ সালের ২২ জুলাই সিরাজগঞ্জের বিভিন্ন মহাসড়কে ডিউটি করছিলেন র‍্যাব সদস্যরা। এসময় র‍্যাব সদস্যদের কাছে খবর আসে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মনসুর আলী স্টেশন এলাকায় এক নারী হেরোইন ক্রয়-বিক্রয় করছেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মালা খাতুন নামে এক নারীকে আটক করেন র‍্যাব সদস্যরা। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এই মামলায় আজ মালা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর