সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজার ৬৮৪টি শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় শাড়িগুলো বহনকারী একটি মালিকবিহীন কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। জব্দ শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।
সোমবার (৩১ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল বিজিবির সহযোগিতায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারের উদ্দেশে নেওয়া শাড়িগুলোসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সড়কপথে ভারতীয় অবৈধ পণ্য পাচারের সময় টাস্কফোর্সের সহায়তায় বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় উন্নতমানের বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।
তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




