রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে রগ কেটে দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে রগ কেটে দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এতে ভুক্তভোগীর হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী ঘটনাস্থলে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাকে বরিশালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে জিসানকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেন ভুক্তভোগী যুবদল নেতা। পরে গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে অভিযুক্ত জিসানকে মারধর করেন রমিজ মৃধা। ওই ঘটনার জের ধরে রমিজ মৃধার ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মামুনুর রশিদ বলেন, তার হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও অন্যান্য পরীক্ষা করে ধারণা করা হয়েছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শেবাচিমে পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর