ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহ ও পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ঘুষিতে আবু তাহের মিয়া (৬১) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বজলু মিয়াকে (৭৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের আকসিনা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত রোসমত আলীর ছেলে।
শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ও বাড়ির একটি জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে বাড়ির উঠানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় বজলু মিয়া তার ছোট ভাই আবু তাহের মিয়ার বাম কানে ঘুষি মারেন বলে অভিযোগ করা হয়। এতে আবু তাহের মিয়া অচেতন হয়ে পড়েন।
আরও পড়ুন
পরে তার স্ত্রী ও ছেলে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বজলু মিয়াকে আটক করা হয়।
নিহতের স্ত্রী শাহানা বেগম বলেন, পৈতৃক সম্পত্তি ও বাড়ির জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বজলু মিয়া তার স্বামীকে ঘুষি মারেন। এতে তার স্বামীর মৃত্যু হয় বলে তিনি দাবি করেন। তিনি স্বামী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাইকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/এসএস




