গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া উপজেলায় এক দিনে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন যুবককে জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া কালিয়াকৈরের একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ এবং কাপাসিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে কাপাসিয়ার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় গরুর ঘাস কাটা নিয়ে নিলয় সরকার ও তার চাচাতো ভাই রাসেলের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। নিলয় ওই এলাকার মনির সরকারের ছেলে।
বিবাদের জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে নিলয়ের ওপর রাসেল হামলা চালান বলে অভিযোগ। স্থানীয় আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা সড়কে পৌঁছালে রাসেল ধারালো অস্ত্র দিয়ে নিলয়ের মাথায় কোপ দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রক্তাক্ত অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজন জঙ্গলের ভেতরে একটি গাছের সঙ্গে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
অন্যদিকে, কাপাসিয়ায় নিখোঁজের তিন দিন পর জাহিদ হাসান (৫) নামের এক শিশুর মরদেহ ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল আটটার দিকে শিশুটির বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ব্রহ্মপুত্র নদের একটি ঘাটে স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।
নিহত জাহিদ হাসান কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রতিনিধি/এসএস




