ব্রাহ্মণবাড়িয়ায় ২ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে রান্না করা খাবার দিয়েছে ‘আল ইয়ানা ফাউন্ডেশন’।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ করা হয়।
‘আল ইয়ানা ফাউন্ডেশনের’ সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
পরে অসহায় ও দরিদ্র মানুষের থালায় খাবার তুলে দেন অতিথিরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ জানান, যেসব মানুষ নিয়মিত ভালো-মন্দ খাবার খাওয়ার সুযোগ পান না, তাদের জন্যই এ আয়োজন। অসহায়-দরিদ্র মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ




