ঝিনাইদহে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তার স্বামী সেনাসদস্য সোহেল কাজীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতী গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তুলি নিহত হন। গুরুতর আহত সোহেল কাজীকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তিনি মারা যান।
নিহত সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস জানান, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ভুটিয়ারগাতী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে ছিটকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি নিহত হন। স্থানীয়রা সোহেল কাজীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সেনাসদস্য সোহেল কাজী যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসএস




