ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার সেনাসদস্য স্বামী আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে শহরের বাইপাস গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুলি খাতুন শৈলকুপা উপজেলার বরদাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। আহত তার স্বামী সোহেল নড়াইলের বাসিন্দা ও সেনাসদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তুলি খাতুন তার স্বামী সোহেলের সঙ্গে মোটরসাইকেলে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বাইপাস গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে পড়ে যান তারা। এতে ঘটনাস্থলেই তুলি খাতুন নিহত হন। তার স্বামী সোহেল আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সোহেলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




