পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর যুবদল নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে নৌযান শ্রমিক ইউনিয়নের অন্তত ১২ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহত পাঁচজন হলেন রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০)।
আহত শ্রমিকরা জানান, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল ওঠানো-নামানোর কাজে সরকার নিবন্ধিত পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে গতকাল বেলা ১১টা থেকে তারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিকেল তিনটার দিকে কলাপাড়া থানা-পুলিশের মধ্যস্থতায় তারা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করেন। তবে কয়েকজন শ্রমিক বটতলা বাজার এলাকায় অবস্থান করছিলেন।
শ্রমিকদের অভিযোগ, বিকেল সাড়ে ৫টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন তপন মৃধা। তিনি বলেন, ঘটনার সময় ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিলেন। মারধরের সঙ্গে তিনি জড়িত ছিলেন-এমন কথা প্রশাসনের লোকজন বললে তিনি অপরাধী হবেন। মারধরের ঘটনা শুনে পরে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমআই




