মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

বিএডিসি গোডাউনের ২২৭ টন সার হাওয়া, স্টোরকিপার আটক

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

বিএডিসি গোডাউনের ২২৭ টন সার হাওয়া, স্টোরকিপার আটক
আটক সার গোডাউনের স্টোর কিপার মো. আকতারুল ইসলাম (৩৫)

দিনাজপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সরকারি সার গোডাউন থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ২২৭ মেট্রিক টন সার বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আকতারুল ইসলাম (৩৫) নামে এক স্টোরকিপার আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাতে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় বিএডিসির সরকারি সার গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আকতারুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার আরাজি জুগিরগোপা গ্রামের আফসার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি গোডাউন থেকে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ সার বিক্রির তথ্য পেয়ে বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। পরে ইউএনও, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশের একটি দল নশিপুরের সরকারি সার গোডাউনে অভিযান চালায়।

পুলিশ বলছে, অভিযানকালে গোডাউনের দায়িত্বে থাকা স্টোরকিপার আকতারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গত জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই মোট ২২৭ মেট্রিক টন সার বিক্রির কথা স্বীকার করেছেন।

তদন্তে অবৈধভাবে সার বিক্রির ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ জানিয়েছে। 

বিএডিসি সূত্রে জানা গেছে, নশিপুর এলাকায় ‘কাঞ্চন’ ও ‘স্টিল’ নামে দুটি সরকারি সার গোডাউন রয়েছে। প্রায় ১৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এসব গোডাউনে এমওপি, ডিএপি ও টিএসপি সার সংরক্ষণ করা হয়।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিএডিসি কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর