মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘১৪৪ ধারা জারি’ করা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

‘১৪৪ ধারা জারি’ করা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার
মারুফ আলী

ফুটবল খেলায় অতিথি না করায় নাটোরের লালপুরে মাইকিং করে ‘১৪৪ ধারা’ জারি করা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) নাটোর জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক কে এফ কামরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই ছাত্রদল নেতার নাম মারুফ আলী। তিনি লালপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. মারুফ আলীকে ২৩ আগস্ট জেলা ছাত্রদল কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় ও তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য বলে নিজে স্বীকার করেন। এমতাবস্থায় দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. মারুফ আলীকে সাংগঠনিক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নাটোর জেলা শাখার সভাপতি মো. কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মারুফ ইসলাম সৃজন এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল নাটোর জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন, ওয়ার্ড সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট বিষয়টি নিশ্চিত করে জানান, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

উল্লেখ্য: প্রতি বছরই কেশবপুর গ্রামে ফুটবলের আসর বসে। খুব জাঁকজমকপূর্ণভাবে টুর্নামেন্ট আয়োজন করা হয়। গ্রামের এই রীতি প্রায় ৬০ বছরের পুরোনো। সেই রীতি মেনে এ বছরও ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা শেষে গ্রামের প্রবীণ বা প্রধান ব্যক্তিরাই বিজয়ী দলের হাতে পুরস্কার টফি তুলে দেন। ১৫ দিন আগে শুরু হওয়া টুর্নামেন্টে স্থানীয় কলেজ, হাইস্কুল, মাদরাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিজীবীদের বিভিন্ন দল অংশ নেয়। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফাইনাল খেলায় লালপুরের বিএনপির নেতা নজরুল ইসলাম মলামকে প্রধান অতিথি ও ছাত্রদল নেতা মারুফ আলীকে বিশেষ অতিথি করার দাবি করা হয়। কিন্তু আয়োজক কমিটি ঐতিহ্য বজায় রাখতে সেই দাবি গুরুত্ব দেয়নি।

এরই জেরে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতা মারুফ আলী মাইক ভাড়া করে শুক্রবার সকালে পুরো গ্রামে মাইকিং করে অবৈধভাবে খেলার মাঠে ১৪৪ ধারা জারি করেন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর