নাটোরের লালপুরে ফুটবল খেলায় অতিথি না করায় বেআইনিভাবে মাইকিং করে ‘১৪৪ ধারা’ জারির ঘোষণা দিয়েছেন মারুফ আলী নামে এক ছাত্রদল নেতা। এতে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বন্ধ করেন আয়োজকরা।
শুক্রবার (২১ আগস্ট) লালপুর উপজেলার কেশবপুর গ্রামে ঘটে এ ঘটনা।
স্থানীয়রা বলছে, লালপুর উপজেলার কেশবপুর গ্রামবাসীর উদ্যোগে দীর্ঘ বছর ধরে নিয়মিত ফুটবল টুর্নামেন্টের আয়োজিত হয়ে আসছিল। খেলা শেষে গ্রামের প্রবীণ বা প্রধান ব্যক্তিরাই বিজয়ী দলের হাতে পুরস্কার টফি তুলে দেন। ১৫ দিন আগে শুরু হওয়া টুর্নামেন্টে স্থানীয় কলেজ, হাইস্কুল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিজীবীদের বিভিন্ন দল অংশ নেন।
শুক্রবার বিকেলে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ফাইনাল খেলায় লালপুরের বিএনপির নেতা নজরুল ইসলাম মলামকে প্রধান অতিথি ও ছাত্রদল নেতা মারুফ আলীকে বিশেষ অতিথি করার দাবি করা হয়। কিন্তু আয়োজক কমিটি ঐতিহ্য বজায় রাখতে সেই দাবি গুরুত্ব দেয়নি।
এরই জেরে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল নেতা মারুফ আলী মাইক ভাড়া করে শুক্রবার সকালে পুরো গ্রামে মাইকিং করে অবৈধভাবে খেলার মাঠে ১৪৪ ধারা জারি করেন।
খেলার আয়োজক কমিটির সদস্য মাহবুব জানান, খেলায় লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মারুফ আলী বিএনপির নেতা নজরুল ইসলাম মলামকে প্রধান অতিথি এবং তাকে বিশেষ অতিথি করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু আয়োজক কমিটি ঐতিহ্য বজায় রেখে সেই দাবি গ্রহণ করেননি।
গ্রামপ্রধান আজিজুর রহমান জানান, মারুফের ভিত্তিহীন ঘোষণার কারণেই সুন্দর পরিবেশ বিঘ্নিত হয়েছে।
বিএনপি নেতা নজরুল ইসলাম মলাম জানান, তিনি কোনো অনুষ্ঠানে অতিথি হওয়ার জন্য মারুফকে কিছুই বলেননি। বিষয়টি জানতে পেরে মারুফকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে তার ভুল হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পরই ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ এ ধরনের কোনো আলামত পায়নি। পরে আয়োজক কমিটি খেলাটি বন্ধ রাখেন।
প্রতিনিধি/এলএ




