ঢাকার দোহার উপজেলার লটাখোলা করমআলী মোড় এলাকায় ব্রিজের রেলিংয়ের সঙ্গে মো. শাহজালাল (৬৬) নামে এক অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে লাশটি উদ্ধার করে দোহার থানা পুলিশ।
মো. শাহজালাল দোহার উপজেলার লটাখোলা জেলেপাড়া এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বাঘাইর বাজার এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহজালাল গত ২৫ বছর আগে দোহার উপজেলার লটাখোলা এলাকায় ভাড়া বাড়িতে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত চারদিন আগে তিনি বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বাড়ির অদূরে স্থানীয়রা ব্রিজের রেলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান। এরপর খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে দোহার থানায় নিয়ে যায়।
নিহতের বড় ছেলে শাওন জানান, তার বাবা বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যান। সবশেষ গতকাল সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে। এসময় তিনি জানান, দুই-একদিনের মধ্যে বাড়িতে আসবেন।
দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলার রহমান জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যা নাকি আত্নহত্যা তা তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না।
আরও পড়ুন
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক জানান, অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/টিবি




