চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে পার্ক করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে ধাক্কা লেগে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি দরজা খুলে রাস্তায় ছিটকে পড়ে। এ ঘটনায় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরে থানার নতুন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইন ঘেঁষে একটি সিএনজিচালিত টেম্পো পার্ক করে রাখা ছিল। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় টেম্পোটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি দরজা পুরোপুরি খুলে রাস্তায় পড়ে যায়। পরে দরজাটি গোমদণ্ডী রেলওয়ে স্টেশনে রাখা হয়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ারুল তারেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘর্ষণের ঘটনায় ট্রেনটির ছয়টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ট্রেনে থাকা শিশুসহ দুই যাত্রী আহত হয়েছেন।
তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী টেম্পো এবং ট্রেন থেকে খুলে পড়া দরজাটি হেফাজতে রাখা হয়েছে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




