সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

মাদরাসাছাত্রীকে অপহরণের পর ‘ধর্ষণ’, প্রধান আসামিসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

মাদরাসাছাত্রীকে অপহরণের পর ‘ধর্ষণ’, প্রধান আসামিসহ গ্রেফতার ২
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

নেত্রকোনার কলমাকান্দায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার রাত ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ময়মনসিংহ র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এ. এন. এম সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি মো. রিফাত দেওয়ান (১৯) ও তার সহযোগী মো. রিমন আহম্মেদ (২৪)।

মামলার এজাহার, র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলমাকান্দার স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ অনুযায়ী, মাদরাসায় যাতায়াতের সময় রিফাত তাকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে রিফাতের পরিবারকে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে কিশোরীকে অপহরণের পরিকল্পনা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ আগস্ট সকালে মাদরাসায় যাওয়ার পথে অভিযুক্তরা জোর করে কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে একটি অজ্ঞাত স্থানে রিফাত তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রিফাতের সঙ্গে বিয়ে দিতে চাপ দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ১৪ আগস্ট কলমাকান্দা থানায় মামলা করেন। 

র‍্যাব-১৪-এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার এ. এন. এম. সাইফুজ্জামান জানান, মামলা হওয়ার পর অভিযুক্তরা গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে রোববার রাতে কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে তাদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, র‍্যাবের কাছ থেকে গ্রেফতার আসামিদের গ্রহণের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর