রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে এসএ পরিবহনে অভিযান, কোটি টাকার অবৈধ লেনদেনের নথি জব্দ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে এসএ পরিবহনে অভিযান, কোটি টাকার অবৈধ লেনদেনের নথি জব্দ
গোপালগঞ্জ এস এ পরিবহন কার্যালয়। ছবি: ঢাকা মেইল

গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল অঙ্কের অবৈধ আর্থিক লেনদেনের তথ্য ও গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় কুরিয়ার সার্ভিসটির গোপালগঞ্জ শাখার ম্যানেজার নূর মো. মঞ্জুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

রোববার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই কার্যালয়ে অভিযান চালায়।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে মাদক চোরাচালানের অর্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে লেনদেন হচ্ছে— এমন সুনির্দিষ্ট তথ্যে অভিযানটি চালানো হয়। অভিযানে কার্যালয় থেকে একটি বিশেষ অর্ডার বইসহ বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

জব্দ নথিপত্রের প্রাথমিক পর্যালোচনায় ৩৬ লাখ, ৩০ লাখ ও ২৯ লাখ টাকার মতো বড় অঙ্কের লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সব মিলিয়ে এসব নথিতে কয়েক কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে গোয়েন্দা পুলিশ।

সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, একটি নির্দিষ্ট চক্রের জন্য গোপালগঞ্জ শাখায় গোপনে বিশেষ একটি অর্ডার বই ব্যবহার করা হতো। ওই বইয়ের বিভিন্ন ভাউচারে বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেনের সঙ্গে মাদক ব্যবসার অর্থের যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশের দাবি, এসব অর্থ অফিসে না রেখে শাখা ব্যবস্থাপক নূর মো. মঞ্জু নিজের বাসায় নিয়ে লেনদেন করতেন। একই সঙ্গে লেনদেনের সম্ভাব্য প্রমাণ এড়াতে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সরিয়ে ফেলার তথ্যও তদন্তে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে নূর মো. মঞ্জু বড় অঙ্কের টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

তার দাবি, বিপুল পরিমাণ টাকা অফিসে রাখা নিরাপদ মনে না হওয়ায় নিরাপত্তার স্বার্থে তিনি সেগুলো বাসায় নিয়ে যেতেন।

তবে এসব অর্থ প্রকৃতপক্ষে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কোনো চক্রের কাছে পাঠানো হতো কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জব্দ নথিপত্র ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিষয়টি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর