মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে।
উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে খাবারের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছিল। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে এসব স্থাপনা গড়ে ওঠার অভিযোগও রয়েছে।

অভিযান শুরুর দিকে স্থানীয় দখলদারদের বাধার কারণে কিছুটা বিঘ্ন ঘটে। পরে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
তবে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ না দিয়েই অভিযান চালানো হয়েছে। এতে তাদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। পরে আবারও সেখানে স্থাপনা গড়ে ওঠে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবার সেগুলো উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতে আবারও সেখানে অবৈধ স্থাপনা গড়ে উঠলে একইভাবে উচ্ছেদ করা হবে।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানা আক্তার। তিনি বলেন, লঞ্চঘাটের জায়গা দখল করে যাতে কেউ ভবিষ্যতে অবৈধ স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে নজরদারি করা হবে।
প্রতিনিধি/এসএস




