লালমনিরহাটের মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং তাকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। মানববন্ধন চলাকালে এক পক্ষের ব্যানার ধরে টানাটানি করা নিয়ে ধাক্কাধাক্কির ঘটনায় উত্তেজনাও ছড়িয়ে পড়ে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী ও অভিযোগকারী কয়েকজন ভুক্তভোগী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন সরকারি বিভিন্ন প্রকল্প, ত্রাণ ও উন্নয়ন খাতের বরাদ্দের অর্থ যথাযথভাবে বিতরণ না করে আত্মসাৎ করেছেন। এ কাজে মোগলহাট ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি সদস্য শুকুর উদ্দিনের সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় অভিযোগকারী পক্ষের মানববন্ধনে শুকুর উদ্দিন ওরফে শুক্কুর মেম্বার এসে অংশগ্রহণকারীদের ব্যানার ধরে টান দেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এবং ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনি জামে মসজিদের উন্নয়নের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও মসজিদ কমিটির সভাপতিকে মাত্র ৬৮ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা প্যানেল চেয়ারম্যান আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, সরকারি উন্নয়ন ও ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দ করা অর্থ নিয়ে অনিয়ম বা আত্মসাতের অভিযোগ অত্যন্ত গুরুতর। এসব অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাকে পদ থেকে অপসারণের দাবি জানান তারা।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ




