রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

গ্রামীণ স্বাস্থ্যসেবা ঢেলে সাজাতে আসছে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের তৃণমূলের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ এবং প্রতি তিনটি ওয়ার্ডে একটি করে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালু করা হবে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে জয়পুরহাট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হেলথ হাব’-এ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা এক ছাতার নিচে পাওয়া যাবে। সেখানে চিকিৎসক পদায়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করবেন। একই সঙ্গে স্তন ও জরায়ু ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তের উদ্যোগ নেওয়া হবে।

চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, উপজেলা হাসপাতালগুলোর শয্যাসংখ্যা ১৫১টিতে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা হাসপাতালগুলোতে ১০টি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।

মেডিকেল কলেজে শিক্ষকসংকট ও আইসিইউ সেবা নিয়ে মন্ত্রী বলেন, দ্রুত শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে বন্ধ থাকা আইসিইউ এবং নতুন মেডিকেল কলেজ চালু করা হবে। স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

হাসপাতাল পরিদর্শনের সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, সিভিল সার্জন ডা. আল মামুন, জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েলসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর