শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ইমামদের থেকে ‘টাকা নেওয়ায়’ বিএনপি নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

সরকারি ভাতার কথা বলে ইমামদের থেকে ‘টাকা নেওয়ায়’ বিএনপি নেতা শোকজ
অভিযুক্ত বিএনপি নেতা সাইদুল ইসলাম রঞ্জু। ছবি: ঢাকা মেইল

রংপুরের কাউনিয়ার হারাগাছ পৌর এলাকায় সরকারি ভাতার কথা বলে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম রঞ্জু নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হারাগাছ পৌর বিএনপি।

শনিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক। 

এর আগে শুক্রবার (২১ আগস্ট) রাতে তাকে হারাগাছ পৌর বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত  সাইদুল ইসলাম রঞ্জু হারাগাছ পৌরসভার আট নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

নোটিশে বলা হয়েছে, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা প্রদানে ওয়ার্ড সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হলো বলে উল্লেখ করা হয়েছে।

হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক বলেন, সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয়ে নেতার টাকা নেওয়া অপরাধ। সরকারি ভাতার কথা বলে  টাকা নেওয়া ও ফেরত দেওয়ার একটি অভিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি নজরে আসার পরপরেই তদন্ত করা হয়। সেই তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমিন জানান, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন। কথাবার্তার এক পর্যায়ে ৩০ হাজার টাকা দিলে নাম তালিকায় দেওয়া হবে বলে জানান তিনি। তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রথম দফায় ১৫ হাজার টাকা দেওয়া হয় এবং বাকি টাকা কয়েক দিন পরে দেওয়ার কথা বলা হয়। পরে দলীয় পরিচয়ে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে তাদের পরদিন টাকা ফেরত দেন রঞ্জু।

এদিকে শোকজ পাওয়া বিএনপি নেতা সাইদুল ইসলাম রঞ্জু বলেন, তাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর