বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে। বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বর আনাস (২৫) নামে এক যুবক।
বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনাস একই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদী এলাকায় বিয়ে হয় আনাসের। বিকেলে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন। বিয়ে উপলক্ষে রাতে বাড়িতে নাচ-গানের আয়োজন চলছিল। এসময় প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা অবস্থায় আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবার ও স্থানীয়দের ধারণা, ফ্যানটি আগে থেকেই বিদ্যুতায়িত ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রতিনিধি/এলএ




