মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
মো. নাইম (১৫)।

লক্ষ্মীপুরের কমলনগরে বৈদ্যুতিক খুঁটির আর্থিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নাইম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তার বিদ্যুতায়িত হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মার্টিন গ্রামের কালু মাঝির বাড়ির পাশে পানিতে নাইমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

নাইম ওই এলাকার মো. ইলিয়াসের ছেলে। সে স্থানীয় একটি খাবার হোটেলে কাজ করত। স্থানীয়রা জানান, সোমবার (১৭ আগস্ট) রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে নাইম নিখোঁজ হয়। সকালে বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটির কাছে পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক খুঁটি থেকে মাটিতে টানা আর্থিংয়ের তারে বিদ্যুৎ চলে আসে। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই নাইমের মৃত্যু হয়েছে। ওই পানিতে থাকা মাছ ও ব্যাঙও মারা যায়। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন তারা।

কমলনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রকৌশলীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সাধারণত এ ধরনের ঘটনা ঘটলে ট্রান্সফরমারে সমস্যা হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। কিন্তু এ ক্ষেত্রে তা হয়নি। ধারণা করা হচ্ছে, কোনো গাছের ডাল তারের ওপর পড়ে এ সমস্যা তৈরি হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, ঘটনাটি তার জানা নেই। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর