দিনাজপুর শহরে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে ডুবে নিখোঁজ হয় লিমন।
নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহীপাড়ার লিটন ইলামের ছেলে।
লিমন তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
আটক ৪ সহপাঠী হলো- রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতয়ালি থানার এসআই সাহাদত হোসেন এ তধ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে গোসল করার জন্য কয়েকজন শিক্ষার্থী নামেন। গোসলের এক পর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি অভিযানে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর ১টায় সদর উপজেলার উলিপুর গ্রাম নদীতে তার মরদেহ ভেসে উঠে। পরে কোতয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এসআই সাহাদত হোসেন জানান, নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




