রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

বরগুনায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

বরগুনায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

ঢাকা থেকে বরগুনায় নানাবাড়িতে বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। স্বজনদের সঙ্গে নদীতে গোসলের সময় জোয়ারের স্রোতে তলিয়ে যায় সে। জুঁই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থী।

রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল জুঁই। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে লতাকাটা এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার ভালোভাবে না জানায় একপর্যায়ে জোয়ারের পানির স্রোতে নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান পাননি।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ কিশোরীর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর