ঝিনাইদহের কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় ছেলেকে ফাঁসি ও বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা জজ মাসুদ আলী এ দণ্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০২৫ সালের ২৮ মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ১৮ আগস্ট ছেলে আল আমিন ও বাবা ইউনুছ আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুছ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেন আদালত। একই সঙ্গে ছেলের ৫০ হাজার ও বাবার ২০ টাকা জরিমানাও করা হয়।
ঝিনাইদহ জজ কোর্টের বিশেষ পিপি আকিদুল ইসলাম জানান, আমরা এ রায়ে সন্তুষ্ট হয়েছি। মাত্র ৭ কার্য দিবসে আদালত সঠিক রায় ঘোষণা করেছেন।
প্রতিনিধি/টিবি




