জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের রায়পুরে আলী আকবর ক্বারী নামে এক বৃদ্ধকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলার একটি আদালত। এছাড়া রায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নূর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. জুয়েল, মোক্তার হোসেন ও রাহেলা বেগম।
লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট গ্রামের বাসিন্দা আকবরদের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামদের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর বিরোধপূর্ণ জমিতে ডাব পাড়তে যান নুরুল ইসলামের লোকজন। এতে আলী আকবররা বাধা দেন। একপর্যায়ে নুরুল ইসলাম ও তার ছেলে জসিমসহ কয়েকজন আলী আকবরকে কুপিয়ে জখম করেন।
গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে আকবরকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নোয়াখালী নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তার।
এ ঘটনায় নিহতের ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে জসিমকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর তিন আসামি আদালতের হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেয়।
দীর্ঘশুনানি ও সাক্ষ্যগ্রহণে অপরাধ প্রমাণ হওয়ায় আদালত পাঁচজনের ফাঁসি ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।
এএ/এমআর




