সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে চারটি নৌকা ধ্বংস ও ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। পরে জব্দ করা বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়।
সকাল ১০টার দিকে উপজেলার আসামপাড়া শংকর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়। পরে আসামপাড়া আশ্রয়ণ প্রকল্প ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী স্পট নিলামের মাধ্যমে প্রতি ঘনফুট ২৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি করা হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা সহযোগিতা করেন। এ সময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




