চট্টগ্রাম নগরীর নতুন ফিশারি ঘাট এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানা পুলিশ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর। স্থানীয় লোকজন একটি মাছ ধরার ট্রলার থেকে নদীর তীরে মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় ৩০ থেকে ৩৫ ঘণ্টা পানিতে থাকার পর নদীর তীরে ভেসে এসেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রব বলেন, খবর পেয়ে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




