মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ মোড় এলাকায় মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নারীর মুখ থেতলে গেছে এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর পাঁচটার দিকে রহমতগঞ্জ মোড় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছিল। এ সময় সড়কে লোকজনও তেমন ছিল না। ফলে ওই নারী কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা কেউ প্রত্যক্ষ করতে পারেননি।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত তিন থেকে চার দিন ধরে ওই নারীকে রহমতগঞ্জ এলাকায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল। তিনি একা একা বিড়বিড় করে কথা বলতেন এবং কখনো কখনো হাসতেন। এ কারণে স্থানীয়দের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

স্থানীয়দের ধারণা, ভোরে মহাসড়ক পার হওয়ার সময় কোনো যানবাহনের চাপায় ওই নারী নিহত হয়ে থাকতে পারেন। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ না করায় তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, উদ্ধার হওয়া নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর